হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। এর ফলে একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
রোববার (১৭ মে) দুপুর ২টায় এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যাত্রীদের জন্য আধুনিক ও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যতে থার্ড টার্মিনাল চালু হলে এটি দেশের বিমানবন্দরের জন্য একটি বড় মাইলফলক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, নতুন এই ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে ৩৭ হাজারের বেশি ব্যবহারকারী ইন্টারনেট সুবিধা নিতে পারবেন। তিনি এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত থাকবে। টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালসহ পার্কিং এলাকাও এর আওতায় থাকবে।
এ সেবার জন্য ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৩৭টি সুইচ এবং প্রায় ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল ব্যবহার করা হয়েছে। প্রতিটি অ্যাক্সেস পয়েন্টে একসঙ্গে প্রায় ১৫০ জন ব্যবহারকারী যুক্ত হতে পারবেন।
প্রায় ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষম এই নেটওয়ার্কের মাধ্যমে যাত্রীরা দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।