নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার (১৭ মে) এ রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ বিষয়টি নিয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন নির্ধারণ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আইনজীবী এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের বিষয়ে কমিশন গঠনের মাধ্যমে তদন্ত প্রয়োজন। তার দাবি, এ সময় অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যেন ওভারথ্রো না হয়, সে বিষয়ে কাঠামোগত ব্যবস্থা নেওয়া দরকার।
তিনি আরও জানান, আদালত বিষয়টি শুনেছেন এবং অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশ দেওয়া হবে।
রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, সামগ্রিক পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। তবে তদন্তের পদ্ধতি সরকার নির্ধারণ করবে বলে তিনি জানান। অ্যাটর্নি জেনারেল বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে অবস্থান জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।