সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে।
রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় জানাজা শুরু হয়। এতে ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মিজানুর রহমান সিনহা বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।