আজ ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর নেতৃত্বে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল স্মরণীয় ফারাক্কা লংমার্চ।
সেদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ রাজশাহীর মাদ্রাসা ময়দানে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে তারা চাঁপাইনবাবগঞ্জের কানসাটের উদ্দেশে যাত্রা করেন। পানির ন্যায্য অধিকার রক্ষায় এটি ছিল দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ গণআন্দোলন।
ফারাক্কা বাঁধ নির্মাণের পর গঙ্গার পানির প্রবাহ কমে যাওয়ায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পরিবেশগত বিরূপ প্রভাব দেখা দেয়। বিশেষ করে পদ্মা অববাহিকার বিস্তীর্ণ এলাকায় পানির সংকট, নদীর নাব্যতা হ্রাস এবং মরুকরণের আশঙ্কা বাড়তে থাকে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ সমস্যার পুরোপুরি সমাধান হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে ৩০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এরপরও বাংলাদেশ প্রত্যাশিত পরিমাণ পানি পায়নি—এমন অভিযোগ দীর্ঘদিনের।
উল্লেখ্য, ১৯৭৫ সালে ভারতের মনোহরপুর এলাকায় বাংলাদেশের সীমান্ত থেকে অল্প দূরত্বে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়। এর ফলে গঙ্গার পানির একটি বড় অংশ অন্যদিকে প্রবাহিত হতে শুরু করে, যার প্রভাব পড়ে পদ্মা নদীর ওপর। পানি প্রবাহ কমে যাওয়ায় বছরের অধিকাংশ সময় পদ্মা নদী নাব্য সংকটে ভুগছে।