দেশের কয়েকটি অঞ্চলে সন্ধ্যার মধ্যে দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।