স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাম প্রতিরোধে টিকাই প্রধান সমাধান, এর বিকল্প কোনো চিকিৎসা নেই। বুধবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, টিকা না নেওয়া শিশুদের শনাক্ত করে দ্রুত টিকাদানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাংলাদেশের টিকাদান কর্মসূচির অগ্রগতি স্বীকার করেছে এবং কার্যক্রম চলমান রয়েছে।
হাম টিকার সংকট নিয়ে তদন্ত হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বর্তমানে সংকট মোকাবিলাই অগ্রাধিকার, তাই এ সময় তদন্তে মনোযোগ দিলে পরিস্থিতি জটিল হতে পারে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ডেঙ্গুর কোনো টিকা নেই, তাই প্রতিরোধেই গুরুত্ব দিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুতি রাখা হয়েছে, প্রয়োজনে মোবাইল হাসপাতালও ব্যবহৃত হবে।
এছাড়া, সভায় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে প্রদান করে। অনুষ্ঠানে চীনা দূতাবাস ও সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।