দেশের কয়েকটি অঞ্চলে আজ ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, অন্তত ৯ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগ এড়াতে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।