ঈদুল আজহাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কোরবানির পশুর হাটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য মোতায়েন থাকবে। একই সঙ্গে সম্ভাব্য চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার ঈদের নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, কোরবানিকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ১৬৬১১৩ নম্বরে হটলাইনে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, ঈদুল আজহার আগে ও পরে মোট সাত দিন পুলিশ হেডকোয়ার্টারে একটি মনিটরিং সেল সক্রিয় থাকবে। ঈদের সময় দায়িত্বে থাকা সব বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও জননিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি পশুর হাট বসানো হবে, যার মধ্যে উত্তর সিটিতে ১৫টি এবং দক্ষিণ সিটিতে ১১টি হাট থাকবে।
এছাড়া, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ সহজ করতে সরকার বিনামূল্যে লবণ সরবরাহের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।
অন্যদিকে, ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকের বেতন ও ভাতা পরিশোধের বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সম্মতি জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।