আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১২ মে) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী ও রংপুর এর কয়েকটি এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এর দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোরও আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখনও সক্রিয় রয়েছে। এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা সৃষ্টি হতে পারে।