বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং বৃত্তি কার্যক্রম চালু হলে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।
সোমবার (১১ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পাকিস্তান এডুকেশন এক্সপো–২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে বহু পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তবে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা শুরু হলে শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। একই সঙ্গে পারস্পরিক বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরি করবে।
বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য বৃত্তিভিত্তিক সুযোগ কাজে লাগানো যেতে পারে। সেখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতা ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে বলেও উল্লেখ করেন তিনি।