শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর হোটেল শেরাটন–এ ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও কাঠামোগত পরিবর্তনের জন্য সরকার জিডিপির ৫ শতাংশ পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত। তাঁর মতে, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, অতীতে শিক্ষা খাতে বরাদ্দ কখনোই ১.৫ শতাংশের বেশি হয়নি। সেই কারণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. মিলন জানান, প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পূর্ববর্তী সময়ে ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে ঘাটতি থাকলেও বর্তমান সরকার ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম চালুর উদ্যোগ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।