সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি এলাকায় এবং ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বয়ে যেতে পারে। তবে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।