আগামী জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন বা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়টি নিয়ে কাজ চলছে এবং আগামী জুনে চীন বা ভারত সফরের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, চীনের সঙ্গে সফরসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে, যেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কি না—এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, তার চীন সফরের সময় এ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি অঙ্গীকার রয়েছে।
সূত্র জানায়, চীনা সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। তিনি আগামী ৭ মে পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন।