ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রিটে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে যেসব নীতি, সিদ্ধান্ত ও চুক্তি গ্রহণ করা হয়েছে, সেগুলোর সাংবিধানিক ও আইনগত ভিত্তি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। একই সঙ্গে ওই সময় গঠিত সংস্কার কমিশনগুলোর কার্যক্রম ও সুপারিশ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
জনস্বার্থে করা এই আবেদনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আবেদনকারী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ জানান, বিষয়টি দ্রুত শুনানির জন্য আদালতে উপস্থাপনের চেষ্টা চলছে এবং প্রয়োজনে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
এর আগে, একই আইনজীবীর করা অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্ট খারিজ করে দেয়। পরে সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে করা লিভ টু আপিলও খারিজ হয়, যেখানে অন্তর্বর্তী সরকারের গঠনকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আসে এবং ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। রাষ্ট্রপতির অনুরোধে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট তখন জরুরি পরিস্থিতিতে অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের সাংবিধানিক ব্যাখ্যা প্রদান করে।
নতুন এই রিটকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোর আইনগত ভিত্তি ও বিচারিক ব্যাখ্যা নিয়ে আইন ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।