দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হামে আক্রান্ত হয়ে মৃত্যু নিশ্চিত হয়েছে, বাকি ৯ জনের ক্ষেত্রে হামের উপসর্গ ছিল।
রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে বরিশালে ২ জন, চট্টগ্রামে ১ জন, ঢাকায় ৪ জন, খুলনায় ১ জন ও সিলেটে ১ জন রয়েছে। ঢাকায় আরও একজন শিশুর হামে মৃত্যু নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৫০ জন শিশু।
এছাড়া একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯১ জনে। এর মধ্যে ২৭ হাজার ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৪ হাজার ৯০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।