দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আবারও স্বাভাবিক হতে পারে বলে আভাস পাওয়া গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ মে থেকে ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হতে পারে।
শনিবার (২ মে) ভারতের কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। তবে বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের সিদ্ধান্তের ওপর।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার বিষয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে। এ প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রতিবেদনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।
এদিক, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় ভারতের কলকাতার বিভিন্ন বাণিজ্যিক এলাকায়, বিশেষ করে পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিটে ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা করছেন, বাংলাদেশি পর্যটক ফিরলে স্থানীয় অর্থনীতি আবারও চাঙা হবে।
এর আগে, গত ৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয় বলে জানা যায়।