রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ওসি, ডিউটি অফিসারসহ পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি বলেন, পুলিশকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হবে। জনগণকে হয়রানি মুক্ত সেবা দিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।