দেশজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে হামের মহামারি। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ৩২ হাজারের বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই শিশু।
পরিস্থিতি ভয়াবহ হওয়ায় দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে ঢাকার সংক্রামক রোগ হাসপাতালসহ একাধিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যা সংকট দেখা দিয়েছে, কোথাও কোথাও মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।
এদিকে, ইউনিসেফের আগাম সতর্কতা উপেক্ষা করে হামের টিকা ক্রয় পদ্ধতিতে পরিবর্তন আনার অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এতে টিকা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের জটিলতা তৈরি হয় এবং দেশে টিকাদান কার্যক্রমে ঘাটতি দেখা দেয় বলে জানা গেছে।
সূত্র জানায়, আগে হামের টিকা সংগ্রহ করা হতো ইউনিসেফের সহযোগিতায় নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে। তবে পরে সেই পদ্ধতি পরিবর্তন করে উন্মুক্ত দরপত্র ব্যবস্থা চালু করা হয়। এতে নতুন সরবরাহ চেইন গঠনে বিলম্ব, প্রশাসনিক জটিলতা এবং টিকা পৌঁছাতে অনিশ্চয়তা তৈরি হয়।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের পর সময়মতো পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি, যার ফলে শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা ভেঙে পড়ায় প্রতিরোধযোগ্য রোগটি আবার বড় আকারে ছড়িয়ে পড়ে। তারা সতর্ক করে বলেন, এ ধরনের নীতি পরিবর্তন জরুরি স্বাস্থ্যসেবায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছেন।