রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তি অনুযায়ী আগামী তিন বছর কেন্দ্রটির জন্য প্রয়োজনীয় জ্বালানি রাশিয়া সরবরাহ করবে। ফলে এই সময় পর্যন্ত জ্বালানি আমদানিতে কোনো সমস্যা হবে না। তবে পরবর্তী সময়ে বাংলাদেশকে নিজস্ব ব্যবস্থাপনায় ইউরেনিয়াম আমদানির প্রক্রিয়া চালাতে হবে।
জানা গেছে, প্রতি দুই বছর পরপর জ্বালানি পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটি কার্যকরভাবে পরিচালনা করা হবে। প্রায় এক লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের ৯০ শতাংশ অর্থ ঋণ হিসেবে দিয়েছে রাশিয়া, যা ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।
দেশের সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প হিসেবে বিবেচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় নির্মিত হয়েছে। শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ছয় টাকা ধরা হলেও বর্তমানে তা প্রায় ১২ টাকায় দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুতের বড় সুবিধা হলো উচ্চ জ্বালানি দক্ষতা। সামান্য পরিমাণ ইউরেনিয়াম থেকেই বিপুল পরিমাণ শক্তি উৎপাদন সম্ভব, যা কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী।
প্রকল্প কর্মকর্তারা জানান, তৃতীয় প্রজন্মের রিঅ্যাক্টর প্রযুক্তি ব্যবহারের কারণে এতে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ব্যবহৃত জ্বালানি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রাশিয়ায় ফেরত পাঠানো হবে।
প্রায় ৬০ বছরের আয়ুষ্কাল নির্ধারিত এই বিদ্যুৎকেন্দ্রটি সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘ সময় ধরে দেশের বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে জ্বালানি লোডিং কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশে পরিণত হয়েছে, যা দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।