প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সামাজিক সুরক্ষা জোরদারে সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে দেশের ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানদের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এর মাধ্যমে এসব পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এ তথ্য জানান। সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেখানে নারী ও শিশুরা উন্নয়নের সমান অংশীদার হবে।
অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তিনি আরও উল্লেখ করেন, নারী ও শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে দরিদ্র ও অসহায় নারীদের সহায়তায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি, গর্ভবতী মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে মা ও শিশু সহায়তা কার্যক্রম, নারীদের স্বনির্ভর করতে ক্ষুদ্রঋণ সুবিধা, এবং নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম।
সরকারের এসব পদক্ষেপের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নারী ক্ষমতায়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।