যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার সংসদে জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পর থেকেই ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল স্থানীয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর বিষয়টি সরকার বিশেষভাবে তদারকি করছে।
তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারের মধ্যে অন্যতম। এ লক্ষ্যে দূতাবাসগুলোকে কেবল প্রশাসনিক দপ্তর নয়, প্রবাসীদের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বিশ্বের যেকোনো দেশে বাংলাদেশিদের নিরাপত্তা বিঘ্নিত হলে দ্রুত সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।