বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজতর হচ্ছে এবং বিদ্যমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। অভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সার্বভৌম সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
ভিসা জটিলতা নিরসনের বিষয়ে তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে ইতোমধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসব আলোচনায় বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর ফলে অচিরেই ভিসা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।