দেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে ‘জঙ্গিবাদ’ শব্দটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো এবং তা অনেক সময় ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে কিছু উগ্রপন্থি গোষ্ঠী বা মৌলবাদী রাজনৈতিক দল সক্রিয় থাকলেও বাংলাদেশের বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতায় জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।
সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত একটি চিঠি নিয়ে আলোচনার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো চিঠি ইস্যু করা হয়নি। তবে জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে কেন্দ্র করে সাধারণত নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়ে থাকে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) সবসময় বিশেষ নিরাপত্তার আওতায় থাকে। এসব স্থাপনায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। এটি পূর্বের মতোই চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।