ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ এখন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ) রাজধানীতে আয়োজিত আইনগত সহায়তা দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে সুপরিকল্পিত উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ন্যায়বিচার কেবল আইনগ্রন্থে সীমাবদ্ধ থাকলে চলবে না; এটি প্রতিটি নাগরিকের জীবনে বাস্তবভাবে প্রতিফলিত হওয়া জরুরি। আইনের প্রয়োগ যেন নিছক যান্ত্রিক না হয়ে মানুষের মর্যাদা রক্ষা এবং অধিকার প্রতিষ্ঠার নৈতিক দায়িত্বে পরিণত হয়—এমন ব্যবস্থাই গড়ে তুলতে চায় সরকার।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ন্যায়বিচার সংবিধানপ্রদত্ত অধিকার হওয়ায় তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে লিগ্যাল এইড কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে দেশের সব শ্রেণির মানুষ এর সুফল পেতে পারেন।
বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেরিতে বিচার পাওয়া মানেই কার্যত বিচার থেকে বঞ্চিত হওয়া। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে আদালতের বাইরে আগাম বিরোধ নিষ্পত্তির উদ্যোগও জোরদার করা হচ্ছে।