দেশের গ্রামীণ অঞ্চলে চলমান লোডশেডিংয়ের কারণে জনজীবনে ভোগান্তি বেড়েছে। তবে আগামী সপ্তাহ থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীতে সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং ধীরে ধীরে কমে আসবে।
তিনি জানান, জ্বালানি তেল আমদানির ব্যয় ২ বিলিয়ন ডলার বেড়ে গেছে। পাশাপাশি বিদ্যুৎ খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ এখনও বাকি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে একই অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, আগামী বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানির ক্ষেত্রে শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও উৎসাহিত করবে।