বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়, বরং কর্মসংস্থানমুখী ও গবেষণাভিত্তিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা এখন সময়ের দাবি।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠান কি কেবল বাণিজ্যিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে, নাকি মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে—সে বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রকৃত মানবসম্পদে রূপান্তর করা হচ্ছে কি না, সেটিও এখন বড় প্রশ্ন।
তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনই যথেষ্ট নয়; এগুলোকে গবেষণার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে এবং আন্তর্জাতিক মান অনুসরণ করতে হবে।
উচ্চশিক্ষার কাঠামো সংস্কারের অংশ হিসেবে তিনি জানান, এইচএসসি পাসের পরপরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে দীর্ঘ সময় অপচয় কমবে বলে তিনি মনে করেন।
মন্ত্রী আরও বলেন, ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করে জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে, যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের অপেক্ষার সময় না থাকে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।