দেশের দিকে এগিয়ে আসছে বছরের পঞ্চম বৃষ্টিবলয় ‘ঝুমুল’, যা শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ একটি সিস্টেম বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
শুক্রবার (২৪ এপ্রিল) তাদের ফেসবুক পেজে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, এর প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ২৫ এপ্রিল উত্তরাঞ্চলসহ দেশের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মূল বৃষ্টিবলয়টি ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকবে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে সময়কালকে সবচেয়ে বেশি সক্রিয় ধরা হচ্ছে।
এবারের বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে সিলেট বিভাগে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা এবং চট্টগ্রামের উত্তরাংশেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। বরিশাল ও খুলনায় মাঝারি মাত্রার বৃষ্টি হলেও রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নিচু এলাকায় হঠাৎ বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।
এদিকে ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামতে পারে, যা রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদ-নদী ও হাওরের পানি দ্রুত বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।