যুদ্ধবিধ্বস্ত ইরানের জন্য জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসেবে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এসব চিকিৎসা সামগ্রী ইরানে পাঠানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আহত মানুষের চিকিৎসা সহায়তার জন্য গত ৬ এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেওয়া হয়, যা দিয়ে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে, সহায়তা গ্রহণকালে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সংকটময় সময়ে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।