জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারণ অনুযায়ী, প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্ত জানান।
নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী জানান, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি কেবল ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। সিএনজিচালিত বাসের ভাড়ায় কোনো পরিবর্তন আসছে না। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে ভাড়াও সমন্বয় করা হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।