ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা বিচারকাজে কোনো সমস্যার সৃষ্টি করবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধান বিচারপতির এ সিদ্ধান্ত ইতিবাচক এবং সময়োপযোগী পদক্ষেপ।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়াল আদালত পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে মামলা নিষ্পত্তির গতি বাড়বে এবং বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আসবে।
এর আগে ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগে প্রতি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালিত হবে। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং হাইকোর্ট বিভাগের প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।