চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ৩ মে থেকে এ কার্যক্রম শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এবারের মৌসুমে সরকার ১৮ লাখ টন ধান ও চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহ করা হবে।
নতুন দরের আওতায় প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে। ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে, আর চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১৫ মে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দেশে খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি গুদামে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের বার্ষিক গমের চাহিদা প্রায় ৮০ লাখ টন, যার মধ্যে ৭০ থেকে ৭২ লাখ টন দেশেই উৎপাদন হয়। বাকি চাহিদা পূরণে প্রায় ৮ লাখ টন গম জি টু জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে আমদানি করা হয়।