জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানো নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সরকার। এ পরিস্থিতিতে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব সাইফুল আলম জানান, নতুন কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। সব পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া তালিকা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।
এদিকে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে এর আগে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতারা অংশ নেন। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া সমন্বয়ের বিষয়ে একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তা দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পরই নতুন ভাড়ার হার চূড়ান্তভাবে জানানো হবে।
উল্লেখ্য, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।