জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ভাড়া নতুন করে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া দুই থেকে তিন ধাপে বাড়তে পারে। তবে এই ভাড়া নির্ধারণে যেন কোনো ধরনের অযৌক্তিক বৃদ্ধি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে বলেও আশ্বাস দেন তিনি।
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপণ্যের বাজারেও প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, কিছুটা মূল্যস্ফীতি এ পরিস্থিতিতে এড়ানো সম্ভব নয়। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয় রাখা হয়েছে।
ফুয়েল পাস সংক্রান্ত অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে। জ্বালানি চাহিদা নিয়ে তিনি মন্তব্য করেন, বর্তমানে যে চাহিদার চিত্র দেখা যাচ্ছে তা পুরোপুরি বাস্তব নয়; বরং অবৈধ মজুদ ও পাচারের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে জনগণকে ধৈর্য ধারণের আহ্বানও জানান উপদেষ্টা।