হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে ওই পথে চলাচলকারী বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে ইরানের সহায়তা কামনা করেন।
জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। উভয় পক্ষ এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়।
বৈঠকে উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী এ সময় বাংলাদেশের শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন।
ইরানের পক্ষ থেকে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করা হয় এবং পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানানো হয়।