দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, একই সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি হাম ও এর জটিলতায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ জন শিশুর।
এর আগে, ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে ১২ এপ্রিল থেকে ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায়ও টিকা দেওয়া শুরু হয়।
গত শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ২০ এপ্রিল থেকে দেশব্যাপী বৃহৎ পরিসরে হামের টিকাদান কার্যক্রম চালু হবে। তিনি বলেন, দেশে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে এবং এ নিয়ে কোনো ঘাটতি নেই। পাশাপাশি তিনি গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
চিকিৎসকদের মতে, অনেক ক্ষেত্রে হামের সঙ্গে অন্যান্য জটিলতা যুক্ত থাকায় মৃত্যুর ঘটনা ঘটছে। তারা জানান, হামে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বলেন, শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টিকর খাবার প্রদান এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করলে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব।