আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেল আমদানিতে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এর ফলে দেশের আমদানি ব্যয় প্রায় দুই বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী আরও জানান, এই অতিরিক্ত ব্যয়ের চাপ সত্ত্বেও সরকার জনগণের স্বার্থ বিবেচনা করে তেলের দাম সামান্য সমন্বয় করেছে। তার ভাষায়, ভোক্তাদের কষ্ট লাঘবের লক্ষ্যেই বাজারমূল্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য না রেখে সীমিত পরিসরে দাম বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সরকার বর্তমানে ভর্তুকি দিয়ে হলেও বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। পাশাপাশি অর্থনীতির ভারসাম্য রক্ষা এবং জনগণের ভোগান্তি কমাতে অতিরিক্ত ব্যয়ের বড় অংশ সরকারই বহন করছে।
উল্লেখ্য, রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে নতুন সমন্বিত দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে।