প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান-কে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গণমাধ্যমকে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও অনেক সাংবাদিক এখনো প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে কাজ করছেন। বিশেষ করে জীবনের শেষ পর্যায়ে এসে প্রবীণ সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থার পরিবর্তনে সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর পরিকল্পনা নিয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা হলেও অনেক প্রবীণ সাংবাদিক বয়সের শেষ সময়ে আর্থিক কষ্টে পড়েন। তাদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর কার্যক্রম আরও শক্তিশালী করার কথাও জানান তিনি।
এ সময় মন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।