বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আবারও পরিবর্তিত হয়েছে। সাম্প্রতিক হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী বাংলাদেশ এবার ৯৫তম স্থানে রয়েছে। আগের সূচকে দেশের অবস্থান ছিল ৯৩তম।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। তবে এসব দেশের ক্ষেত্রে ভ্রমণ শর্ত একরকম নয়—কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা নিতে হয়, আবার কিছু দেশে ই-ভিসার মাধ্যমে প্রবেশের সুযোগ রয়েছে।
এ ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধার তালিকায় এশিয়া, আফ্রিকা, ক্যারিবীয় ও ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন দেশ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, জ্যামাইকা ও সেশেলসসহ আরও কয়েকটি দেশ।
বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে এবারও রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।
চতুর্থ স্থানে রয়েছে একাধিক ইউরোপীয় দেশ—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।
বিশ্লেষকদের মতে, পাসপোর্ট সূচকে ওঠানামা মূলত দেশের কূটনৈতিক সম্পর্ক, ভিসা নীতি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর নির্ভর করে।