দেশে অপরিশোধিত জ্বালানি তেলের তীব্র ঘাটতির কারণে রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। টানা প্রায় দুই মাস ধরে ক্রুড অয়েল আমদানি বন্ধ থাকায় রোববার (১২ এপ্রিল) বিকেল থেকেই শোধন প্রক্রিয়া থেমে যায়।
প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সর্বশেষ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে অল্প পরিমাণ তেল পরিশোধন করা হয়। এরপর কাঁচামালের অভাবে পুরোপুরি বন্ধ হয়ে যায় উৎপাদন কার্যক্রম।
জানা গেছে, সংকট মোকাবিলায় কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং সংরক্ষণ ট্যাংকের তলানিতে থাকা অবশিষ্ট (ডেড স্টক) তেল ব্যবহার করেও কিছুদিন কার্যক্রম চালানো হয়েছিল। তবে এসব বিকল্প উৎসও শেষ হয়ে যাওয়ায় উৎপাদন আর চালিয়ে নেওয়া সম্ভব হয়নি।
সাধারণত ইআরএল প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করে। কিন্তু সংকটের কারণে গত মাস থেকেই উৎপাদন কমিয়ে দৈনিক প্রায় ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়।
এদিকে, জ্বালানি বিভাগ জানিয়েছে যে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় আপাতত কোনো বিঘ্ন ঘটবে না।
উল্লেখ্য, গত ৪ মার্চের মধ্যে ইআরএলের ব্যবহারযোগ্য ক্রুড তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে, যা বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।