বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমানে গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার থাকলেও নববর্ষকে ঘিরে কোনো সুনির্দিষ্ট ঝুঁকির তথ্য পাওয়া যায়নি।
র্যাব ডিজি বলেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা বটমূল, মানিক মিয়া এভিনিউসহ বিভিন্ন এলাকায় টহল ও চেকপোস্ট বসানো হয়েছে।
তিনি আরও জানান, ১৮১টি পিকআপ পেট্রোল, ১২৭টি মোটরসাইকেল টিমসহ মোট ৩০৮টি টহল দল মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি, কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং এবং বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডও সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, আগের বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে বাংলা নববর্ষ উদযাপিত হবে।