যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি দায়িত্ব পালন চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তাই স্বেচ্ছায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তার এই নিয়োগ ছিল দুই বছরের চুক্তিভিত্তিক।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক না রাখার শর্তে দায়িত্ব পালন করতে হবে।