দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিনের আবহাওয়ায় কিছুটা বৈচিত্র্য দেখা যেতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে শুরু করে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথমদিকে সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।
রোববার (১২ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল)পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে।
বুধবার (১৫ এপ্রিল) নাগাদ বৃষ্টির প্রবণতা কিছুটা কমে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে সীমিত থাকতে পারে। এ সময়ের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা শুরুতে ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, পরে সামান্য কমে প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।