বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা, পারমিট এবং অন্যান্য কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয়ে সতর্কবার্তা জারি করেছে পশ্চিমা ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকাস্থ এসব দেশের দূতাবাস যৌথ বিবৃতির মাধ্যমে আবেদনকারীদেরকে সরকারি প্রক্রিয়া অনুসরণের জন্য নির্দেশনা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি নিয়ম মেনে চলতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে অর্থ প্রদান করলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি এবং সীমান্তে প্রবেশে বাধার মতো গুরুতর সমস্যার সম্মুখীন হতে হবে।
দেশগুলো আরও উল্লেখ করেছে, কোনো দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবিকৃত মধ্যস্থতাকারীর প্রতি নির্ভর না করারও আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আবেদনকারীদেরকে সকল ভিসা সংক্রান্ত কার্যক্রম যাচাইকৃত তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। দেশগুলো আশা করছে, এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ এবং ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে।
বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে – যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।