ঢাকার লালবাগ থানায় জুলাই আন্দোলনের সময় আশরাফুল ওরফে ফাহিমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১:৫৬ মিনিটে একটি সাদা মাইক্রোতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শিরীন শারমিনকে। হাজিরের পর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
ডিবির লালবাগ জোনের কোতোয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহসীন উদ্দীন জানিয়েছেন, আদালতে শিরীন শারমিনের রিমান্ড শুনানি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। গ্রেপ্তারের সময় জানা গেছে, শিরীন শারমিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন এবং সর্বশেষ ধানমন্ডির এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলনকারীদের উপর দেশী-বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এসময় একটি গুলি আশরাফুলের চোখে লাগে এবং তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে আশরাফুল ওই বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ ও ১১৫/১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।