মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আসন্ন পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এবং ২০টি জেলায় পালিত হবে; উদ্বোধন হবে চাঁদপুরে।
মন্ত্রী জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রয়োজনে জেলেদের খাদ্যসহ সহায়তা দেওয়া হবে এবং আর্থিক সহায়তায় কোনো অনিয়ম সহ্য করা হবে না।