ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনের কর্মসূচি নির্ধারণ এবং প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও নিরাপদভাবে নববর্ষ উদযাপনের সার্বিক পরিকল্পনা ও অগ্রগতি আলোচনা করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
প্রস্তুতিমূলক কার্যক্রমে আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি প্রদক্ষিণ শেষে চারুকলা অনুষদে শেষ হবে। সভায় জানানো হয়, বিকেল ৫টার পর ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে, মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ এবং মুখোশ ও ব্যাগ বহনেও বিধিনিষেধ থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করে মনিটরিংয়ের জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।