খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ইস্টার সানডে (৫ এপ্রিল) উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার বন্ধ থাকবে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
এদিকে, চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে স্কুল পর্যায়ের অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের বিষয়টি আলোচনা হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে টানা ছুটির পর অনলাইনে ক্লাস শুরু হতে পারে।
খ্রিস্টান ধর্ম অনুযায়ী, ইস্টার সানডে ঈশ্বরপুত্র যিশুর মৃত্যু থেকে পুনরুত্থানের দিন হিসেবে পালিত হয়। গুড ফ্রাইডেতে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ যিশু মৃত্যুর তৃতীয় দিনে রোববার জীবিত হয়ে ওঠেন।