স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দেশে হামের টিকা সরবরাহ শুরু হতে পারে। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, হামের সংক্রমণ হঠাৎ বাড়লেও সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ ইউনিট মাত্র ১৮ ঘণ্টার মধ্যে পুনরায় চালু করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা ও ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জ ও রাজশাহীতেও নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে, আর আরও ২০টি ভেন্টিলেটর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৮ সালের পর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি। ফলে টিকা না পাওয়া বা পরবর্তীতে জন্ম নেওয়া শিশুদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকার টিকা সংগ্রহ ও বিতরণের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। ইতোমধ্যেই ৬০৪ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ইউনিসেফকে টিকা ক্রয়ের অর্থ পরিশোধ করা হয়েছে।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, অনুমোদন পাওয়া মাত্র টিকার অর্ডার দেওয়া হবে এবং তৎক্ষণাৎ বিতরণ শুরু হবে। সরকারের লক্ষ্য, টিকা আসার সঙ্গে সঙ্গে দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা।
মন্ত্রী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে সব ব্যবস্থা দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা হচ্ছে।