সরকার প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এটি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে থাকা অসন্তোষ ও অভিযোগের অবসান ঘটাবে।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অতিরিক্ত চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রিপেইড মিটার ব্যবহারকারীদের রিচার্জের সময় প্রতি মাসে নির্দিষ্ট অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে নেওয়া হতো। অনেক গ্রাহক অভিযোগ করতেন, মিটারের প্রকৃত মূল্য অনেক আগেই উঠলেও কেন অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে দায় তৈরি হয়েছিল, তা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ নিয়েছে।