রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় কম-বেশি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা সামান্য বাড়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ-চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৫৩ মিলিমিটারে।